# না বলা কথা

- Link: https://golpona.com/story/na-bola-kotha/
- Published: 2026-10-09T21:09:07+06:00
- Author: mdnaim

না বলা কথা

শিমুল

সৃষ্টির অতলে তলিয়ে যাওয়া ছোট মাপের এ মানুষটির হৃদয়ের কাতর কথা একটু শুনো। জানি, আমার
এই আয়োজন তোমাকে একটু বিরক্ত করবে। তাই আজ মেঠো চিলের মাধ্যমে তোমার প্রতি কিছু অব্যক্ত
কথা প্রকাশ করছি। জানি, হয়তো তুমি মেঠো চিল পড়বে না। তারপরও মানসিক যন্ত্রণা কিছুটা
লাঘব করার জন্য মেঠো চিলের মাধ্যমে তোমাকে জানাতে চাই। তাই না লিখে পারছি না।

আল্লাহ ছাড়া তুমি আর আমিই শুধু জানি, আমাদের ভালোবাসা কতটা নিষ্পাপ। ভেবেছিলাম তোমাকে
নিয়ে সুখের সাগরে ভাসব। তোমাকে আপন করে কাছে পাব। ভেবেছিলাম তোমার এই অফুরন্ত ভালোবাসা
সংকট সময়ে অনুপ্রেরণা জোগাবে। কিন্তু তা আর হলো না।

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায় – দিন বদলের এই নিয়ম থেকে তুমি হয়তো একটু
বেশিই বদলে গেছ!

বদলে যাওয়ার ইচ্ছা যেহেতু ছিল, তাহলে কেন বলেছিলে, আমিই তোমার সব? আমাকে ছাড়া তুমি 
থাকতে পারবে না? আমি কষ্ট দিলেও তুমি আমাকে কখনো কষ্ট দেবে না? আমাকে পেলে তোমার জীবন
সার্থক হবে?

আমি আজ জানতে চাই, এগুলো কি শুধু মুখের কথা ছিল? নাকি মনেরও ভাষা?

তুমি তো জানো, ভালোবাসা শব্দটা বলা যত সহজ, সেটাকে বাস্তবে সঠিকভাবে প্রয়োগ করে সংসার
জীবন পর্যন্ত টেনে নিয়ে জীবনকে সুখী করে তোলা ততটা কঠিন।

তোমাকে না পাওয়ার ব্যর্থতায় যখন আমার হৃদয় চৌচির হয়ে জীবনটা প্রায় থেমে যাচ্ছিল ঠিক
তখন আমার সচেতন বিবেক বলতে লাগল, বেঁচে থাকতে হবে, অন্তত আমার জন্য, আমার পরিবারের 
জন্য। নইলে বিধাতার কাছে দোষী থেকে যাব। সে জন্য হয়তো আজো বেঁচে আছি।

তোমার কি মনে নেই, আমাকে এক দিন না দেখলে তুমি থাকতে পারতে না? আমার সঙ্গে এক দিন কথা
না হলে খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে? রাত জেগে মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে? তোমার
মনে না থাকলেও আমার সব মনে আছে।

একদিন আমার বুকে মাথা রেখে আস্তে করে বলেছিলে, মরণ দিনেও আমার পাশে থাকবে। আমাকে ছাড়া
তুমি বাঁচবে না।

আজ হয়তো নতুন কোনো সঙ্গী পেয়েছ এবং তার বুকে মাথা রেখে মিষ্টি সুরে বলছ, ওগো, তোমাকে
ছাড়া আমি বাঁচব না। তুমিই আমার সব।

অবশেষে আজ জানলাম, কেউ কারো জন্য মরে না। আবার কেউ কারো জন্য বাঁচে না।

সত্যিই, তোমার তুলনা কোথায়? তোমার তুলনা তুমি নিজেই। তোমার মতো অতি সুন্দরী এবং লাবণ্যময়ী
চেহারার মেয়ের জন্য আমার মতো একজন অতি সাধারণ ছেলে কি যোগ্য? তোমার ভালোবাসার যোগ্যতা
হয়তো আমার নেই। আমার জানা মতে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার হৃদয়ে
এত বড় আঘাত দিলে কেন? বুঝলাম মানুষের সব আশা পূরণ হয় না। তাই বলে আমি যখন জীবনের ক্যারিয়ার
গঠনের তাগিদে পুরোপুরি ব্যস্ত এমন অস্থির অবস্থায় আমাকে রেখে তুমি কিভাবে চলে যেতে 
পারলে?

আমার জন্য আরো কিছুদিন অপেক্ষা করলে কি এমন ক্ষতি হতো? একবারও কি ভাবলে না, তোমার বিরহ
ব্যথা সইতে আমার কতটুকু কষ্ট হবে? আমার ভালোবাসা বেশি ছিল বলেই কি এটা আমার শাস্তি?
মনে রেখ, পৃথিবীতে দূর থেকে এর চেয়ে বেশি ভালোবাসা যায় না। ভালোবাসা কোনো গল্প নয়, 
ভালোবাসা স্বল্প সময়ের কোনো বন্ধন নয়, হৃদয়ের গভীর থেকে যে গভীর মিলন হয়, সেটাই ভালোবাসা।

জীবন নামে একটা শব্দ ছিল আমার। সে জীবনে ছিল প্রেম ভালোবাসা, আনন্দ, বিশ্বাস; একবারও
ভাবলে না আমার কথা। কি ভুল ছিল আমার ভালোবাসায়?

এটার নামই কি প্রেম? এটার নাম কি ভালোবাসা? না নেই, ভালোবাসা বলতে কিছুই নেই।

ভালোবাসার অপর নাম বেদনা, বুক ভরা যন্ত্রণা, ভালোবাসা মানে প্রতারণা আশাহীন একটি শব্দ
মাত্র। প্রকৃত প্রেম মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। কিন্তু প্রতারণা সেটা করতে পারে
না।

বিশ্বাস ভেবে তোমাকে এতই ভালোবেসে ছিলাম যে, নিজের দিকে ফিরে তাকানোর সময় আমার হয়নি।
এত কিছুর পরও কি দিলে আমাকে? মৃত্যুর দুয়ারে ফেলে দেওয়াই কি ছিল আমার প্রাপ্য?

তারপরও তোমাকে সারাটা জীবন ভালোবেসে যাব। সারাটা জীবন, যত দিন এ দেহে প্রাণ থাকে। কখনো
তোমাকে ঘৃণা করব না। কারণ যাকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। আমার পক্ষে
তা সম্ভব নয়। তবে তোমার ওই পাথরের মতো কঠিন মনটা আমার প্রতি একটু সহানুভূতিশীল হতে 
দেখিনি।

আমি তো মরে যাব। বাঁচার তীব্র ইচ্ছা এখনো আমার শুধু তোমার সুখটুকু দেখে যাওয়ার জন্য।
মানুষ মরে গেলেই গেল। কিন্তু মরার আগে যে মরা, সে মরা যে কত যন্ত্রণাদায়ক তা তুমি বুঝবে
না। আমার ভাবতেও বড় অবাক লাগে, এত গভীর প্রেমও কয়েকটা দিন তোমাকে অপেক্ষায় রাখতে পারেনি!

ভালোবেসে সবাই সুখী হয়, এমন তো নয়। দুঃখ আসতেই পারে। আমি না হয় দুঃখীদের কাতারে রয়ে
গেলাম। আসলে দুঃখ না পেলে সুখের মর্ম বোঝা যায় না। ভালোবাসা শুধু সুখ না দুঃখও বটে।

স্বপ্ন কখনো বাস্তব হয় না জানতাম, তবে কি আমাদের প্রেম কাহিনীও স্বপ্ন হিসেবে ধরে নেব।
কিন্তু আমাদের মধ্যে তো ওসব ছিল না। ছিল একের প্রতি অন্যের গভীর প্রেম হৃদয়ভরা পবিত্র
ভালোবাসা।

জানি, সুখে আছ, সুখ-দুঃখে একে অন্যের সঙ্গী হয়েছ। কিন্তু আমার জন্য কি রেখে গেছ? আর
কিছু পারো আর না পারো এক বুক যন্ত্রণা ঠিকই রেখে গেছ। তবু আমি খুশি, সবাই ইচ্ছা করে
প্রিয় মানুষের। সেটাই যদি না থাকে তাহলে বেঁচে থাকার মূল্য কোথায়?

আমার সব সত্তা তোমাকে দিয়েছিলাম, সেটুকু ফেরত এনে আর কাউকে আপন করে নেওয়ার সামর্থ্য
আমার নেই। তোমাকে ভালোবাসতাম, অনেক…. অনেক.., অনেক ভালো। যেখানেই থাকো, মহান রাব্বুল
আলামিন তোমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রার্থনা করি।

শিমুল

কোতোয়ালি, চট্টগ্রাম থেকে
 ০১৭১০ ৩১২ ৯১৭, ০১৮১৬ ২৪৬ ৯৫২

৩৬ | মেঠোচিল | এপ্রিল ২০১৫

 
